এবার বিশ্বকাপে ১ থেকে ১০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: আইসিসি


 শেষ ভালো যার, সব ভালো তার’—প্রবাদটি হয়তো সবাই শুনে থাকবেন। কিন্তু এবারের বিশ্বকাপে শেষের সঙ্গে শুরুটাও একই রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিসংখ্যান, ম্যাচের ফল ও পয়েন্ট তালিকা সে কথাই বলছে।

এই মুহূর্তে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দল ইংল্যান্ড ও বাংলাদেশ। দশ দলের বিশ্বকাপে জস বাটলারের দল আছে দশে, সাকিব আল হাসানের দল নয়ে। সবার আগে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব থেকে বিদায় ঘণ্টাও বেজে গেছে এই দুই দলের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তো রসিকতা করে লিখছেন, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে দশম হওয়ার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে।


বাংলাদেশ ও ইংল্যান্ডের অনাকাঙ্ক্ষিত এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে ‘জয়ী’ হবে, সেটা নিশ্চিত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটি জায়গায় বাংলাদেশ এরই মধ্যে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে। সেটা প্রথম পাওয়ার প্লেতে উইকেট হারানোর সংখ্যায়।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই সাত ম্যাচে ১ থেকে ১০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি ১৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মানে, ম্যাচপ্রতি ২.২৯টি।

শুরুটা নড়বড়ে হলে বেশির ভাগ সময়ই যে শেষে গিয়ে সেটা পুষিয়ে দেওয়া যায় না, এই পরিসংখ্যান তারই প্রমাণ। পুষিয়ে দিতে পারেননি মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমও। প্রথম পাওয়ার প্লেতে বেশি উইকেট হারানোয় দলীয় সংগ্রহও বড় হয়নি।

১ থেকে ১০ ওভারের মধ্যে সবচেয়ে কম ৬টি উইকেট হারিয়েছে আফগানিস্তানও। সেটার সুফলও পাচ্ছে আফগানরা। ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে দলটি টানা তিন ম্যাচ জিতেছে। সেমিফাইনালের দৌড়েও আফগানরা ভালোভাবেই টিকে আছে।